মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে, সবই মাফ করা হয়েছে এবং তারা কোনো প্রতিশোধ বা অশান্তি সৃষ্টি করবে না। মঙ্গলবার রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা জানান।

ডা. আমির বলেন, “অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়াবো না। আমরা আমাদের কথার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

পথসভা শুরু হওয়ার আগে জেলা জুড়ে জামায়াতের বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা মিছিলসহ সভাস্থলে পৌঁছান। স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

সভাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন সদস্য এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।

জামায়াতের এই অবস্থানকে রাজনৈতিক সংযম ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার প্রতি দলের এক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন