ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর বরগুনা-১
(আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনে দুই প্রার্থী জোরেশোরে
নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা হলেন জাতীয়তাবাদী দল (বিএনপি)
প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রার্থী মো. ওলী উল্লাহ।
এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই
প্রার্থী হলেন ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন
এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. জামাল হোসাইন। তবে প্রতীক
বরাদ্দ পেলেও তারা এখনো দৃশ্যমান কোনো প্রচারণা শুরু করেননি।
শুক্রবার তিনটি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ও ইসলামী
আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা আমতলী, তালতলী ও বরগুনা সদর
উপজেলায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে ১০ দলীয় জোট ও জাতীয়
পার্টির প্রার্থীদের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রচারণা চোখে পড়েনি।
এ বিষয়ে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. জামাল হোসাইন বলেন, “গুছিয়ে
উঠতে একটু সময় লাগছে। তবে খুব দ্রুতই প্রচারণা শুরু করবো।” ১০ দলীয়
জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন বলেন, “শিগগিরই
প্রচারণা শুরু করা হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওলী উল্লাহ বলেন, “প্রতীক
পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি উপজেলার সর্বত্র প্রচারণা শুরু করেছি।
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচার চলছে।” বিএনপি প্রার্থী মো.
নজরুল ইসলাম মোল্লা বলেন, “আচরণবিধি অনুসরণ করে জোরেশোরেই
প্রচারণা চালানো হচ্ছে। তিনটি উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের
প্রচার কার্যক্রম চলছে।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা
মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “সকল প্রার্থীকে আচরণবিধি মেনে
প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে কোনো
প্রকার ছাড় দেওয়া হবে না।”

