শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশিত নয়, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

ডেস্ক রিপোর্ট।।

ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে ভারত সরকারকে আগেও জানানো হয়েছে এবং বিষয়টি আবারও স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক স্বার্থের কারণে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।

২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। ওই সময় সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের ঘটনা দুই দেশের সম্পর্কে চাপ সৃষ্টি করে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের ওপর হামলা বা নিপীড়নের প্রতিটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনছে। তিনি বলেন, “বাংলাদেশ কখনোই ভারতের অভ্যন্তরীণ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মন্তব্য করে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারের একই নীতি অনুসরণ করা উচিত।”

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এমন পরিস্থিতির মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া ১০ মিনিটের সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান, আসন্ন জাতীয় নির্বাচন এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তৌহিদ হোসেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন