শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার লক্ষ্যে এক কোটি টাকা অনুদান অনুমোদন করেছে অর্থ বিভাগ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট নথিতে অনুমোদন দেন।

অর্থ বিভাগের সূত্র জানায়, রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। ফ্ল্যাটটি ওসমান হাদির স্ত্রী ও সন্তানের বসবাসের জন্য ব্যবহৃত হবে।

সূত্র আরও জানায়, অনুদান প্রদানের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাইয়ের শর্ত যুক্ত করা হয়েছে। যাচাই শেষে বরাদ্দকৃত অর্থ ছাড় করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, রাষ্ট্র তার পরিবার—বিশেষ করে স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোকও পালন করা হয়।

এদিকে, গত ১৫ জানুয়ারি ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন