শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নিকারের সভা অনুষ্ঠিত, ১১ প্রস্তাব অনুমোদন

ডেস্ক রিপোর্ট।।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকার-এর প্রথম সভা। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনিক কাঠামো সংস্কার ও পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় দুটি নতুন প্রশাসনিক বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের সিদ্ধান্ত অন্যতম। এ বিষয়ে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ ইতোমধ্যে জারি করা হয়েছে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

এছাড়া পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা সম্প্রসারণের অংশ হিসেবে গাজীপুরে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জে পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারে মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে বিভক্ত করে একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন