বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মাদারীপুরে বাসচাপায় নিহত ৬

ডেস্ক রিপোর্ট।।

মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মস্তফাপুর মিলগেইট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মিলগেইট এলাকায় পৌঁছালে বাসটি একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং বিস্তারিত তদন্ত শেষে পরে জানানো হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন