বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মাস ধরে বন্ধ নাচোলের একমাত্র ফিলিং স্টেশন, চরম ভোগান্তিতে জনজীবন

মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একমাত্র জ্বালানি তেল সরবরাহের কেন্দ্র ‘মেসার্স সুইটি ফিলিং স্টেশন’ দীর্ঘ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজার হাজার যানবাহন চালক ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর থেকে পারিবারিক কলহের জেরে ফিলিং স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেয় মালিকপক্ষ। মালিকানা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইয়ের মধ্যকার বিরোধের জেরে পাম্পটি তালাবদ্ধ রাখা হয়েছে। বর্তমানে এই বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

নাচোল উপজেলার একমাত্র পাম্পটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চালকরা। পাম্পের পার্শ্ববর্তী মুদি দোকানগুলোতে বোতলজাত পেট্রোল ও অকটেন চড়া দামে পাওয়া গেলেও ডিজেল মিলছে না। এতে করে বাস, ট্রাক ও ট্রাক্টরসহ ডিজেলচালিত যানবাহনগুলো জ্বালানি সংকটে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ডিজেলের অভাবে অনেক যানবাহন চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, যার প্রভাব পড়ছে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসের ওপরও।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন অসংখ্য চালক পাম্পে এসে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী চালকরা জানান, নাচোলে আর কোনো বিকল্প পাম্প না থাকায় তাদের কয়েক কিলোমিটার দূরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিরই অপচয় হচ্ছে।

এ বিষয়ে মালিকপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিরোধপূর্ণ পরিস্থিতির কারণে তাদের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। দ্রুত পাম্পটি চালু করে জনভোগান্তি লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন