বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে সাত মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
অভিযানকালে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সাতটি করাতকলের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, আব্দুল গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, উপজেলার অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

