শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

গণভোটে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে সরকারি কর্মসূচি শুরু

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার। তৃণমূল পর্যায়ে গণভোট নিয়ে বিদ্যমান বিভ্রান্তি ও অস্পষ্টতা দূর করতে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ জানুয়ারি) বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদার) অধ্যাপক আলী রীয়াজ এবং বিশেষ সহকারী মনির হায়দার।

সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামী কয়েকদিনের মধ্যে দেশের সব বিভাগে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে। অন্যদিকে ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে ইসলামিক ফাউন্ডেশন।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজশাহী বিভাগে, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভাগুলোতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী, বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সভার মাধ্যমে গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে আরও সক্রিয় ও সচেতন করে তোলা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন