বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

তিতাস গ্যাস ফিল্ডের জেলাতেই তীব্র সংকট, ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট।।

দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস গ্যাস ফিল্ড অবস্থিত হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। পাইপলাইনের মাধ্যমে আবাসিক গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পৌঁছাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।

বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করার পরও বৈধ গ্রাহকরা দিনের অধিকাংশ সময় গ্যাস পাচ্ছেন না। এতে রান্নাসহ দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শীত মৌসুম শুরু হওয়ার পর সংকট আরও প্রকট আকার ধারণ করেছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত হলেও এখানকার মানুষই গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন। তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদিত গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হলেও স্থানীয় গ্রাহকদের চাহিদা উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ বি এম মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা দ্রুত গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

স্থানীয়দের আশা, প্রশাসনের আশ্বাস দ্রুত বাস্তবায়িত না হলে এ সংকট নিয়ে আবারও মাঠে নামতে হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন