বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি বিএনপির গঠনতন্ত্র অনুসারে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, নেতৃত্বের এই পরিবর্তনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

