বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুজবে সতর্ক অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে দেশের ৬১টি জেলায় (পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ব্যতীত) এই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে দালাল ও প্রতারকচক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজন করা হচ্ছে। পরীক্ষার্থীদের রোল নম্বর প্রস্তুত, আসন বিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ ও প্রেরণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুত—সব কার্যক্রম আধুনিক সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ না থাকে।

অধিদপ্তর জানায়, কেউ যদি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়, তাহলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে। প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারে বিভ্রান্ত না হতেও পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষাটি বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এর মধ্যে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন