পৌষের শেষের দিকে তীব্র শীত নেমে আসায় বরগুনার আমতলীতে গরম
কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে। শীত নিবারণের জন্য বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ গরম কাপড় কিনতে দোকানে দোকানে ভিড় করছেন।
শহরের কলেজ রোড সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত এবং
পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন স্বল্প দামে গরম কাপড় কিনতে এসব
দোকানে যাচ্ছেন।
এদিকে শহরের বিভিন্ন শপিংমল ও বিপণীবিতানেও বিক্রি হচ্ছে শীতের
পোশাক। পাশাপাশি ভ্যানে করেও কেউ কেউ গরম কাপড় বিক্রি করছেন।
বাজারে ট্রাউজার, ফ্ল্যানেলের শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, উলের
টুপি, মাফলার, কোট, কান টুপি ও মোজা পাওয়া যাচ্ছে। রয়েছে বিদেশ থেকে
আসা পুরনো গরম কাপড়ও। এসব পোশাক ১৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন
দামে বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে ক্রেতাদের
ভিড় দেখা যাচ্ছে।
কলেজ রোডের পোশাক বিক্রেতা মো. জাবের বলেন, প্রতি বছর শীত মৌসুমে
এখানে গরম কাপড় বিক্রি করেন তারা। শীত যত বাড়ে, বিক্রিও তত বাড়ে।
গত কয়েক দিনের তীব্র ঠাণ্ডায় তাদের বেচাকেনা উল্লেখযোগ্যভাবে
বেড়েছে।
নতুন বাজারের বিক্রেতা রাজ্জাক খান বলেন, শীতের এই সময়ে তাদের
ব্যস্ততা অনেক বেড়ে যায়। দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতাদের চাহিদাও
বেশি। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
নতুন বাজার থেকে গরম কাপড় কিনতে আসা রিকশাচালক মালেক বলেন, তারা
অল্প আয়ের মানুষ হওয়ায় শপিংমল থেকে কাপড় কেনার সামর্থ্য নেই। তাই
ফুটপাতের দোকান থেকেই গরম কাপড় কিনছেন। এসব কাপড় কিছুটা পুরনো
হলেও শীত নিবারণে অনেক ভালো।

