বিড়াল বাঁচাতে গিয়ে আলমডাঙ্গা- হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর ব্রিজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী নাজমুল হুদার ( ২৮)মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নাজমুল হুদা আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের মৃত আয়নাল হকের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাজমুল হুদা মোটরসাইকেলে করে আলমডাঙ্গার দিকে আসছিলেন। এসময় যাদবপুর ব্রিজ নামক স্থানে হঠাৎ একটি বিড়াল সড়কের উপরে আসে বিড়ালটিকে বাঁচানোর জন্য মোটরসাইকেলের ব্রেক করলে তিনি মোটরসাইকেলের উপর থেকে ছিটকে সড়কের উপরে পড়ে গুরুতর আহত হন। এ সময়ে পথচারীরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুল হুদার তিন মাস বয়সের একটি কন্যা সন্তান আছে।
এ ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাটি জেনেছি এবং পুলিশ অফিসারকে ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

