বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

এবার বুকে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জানে আলম (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জানে আলম নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জানে আলম পূর্ব গুজরা ইউনিয়নের শিকদার ঘাটা এলাকার মৃত হামদু মিয়ার ছেলে। তিনি যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। জানা গেছে, সম্প্রতি তিনি একটি চাঁদাবাজি মামলায় কারাভোগ শেষে মুক্তি পান। এছাড়া তিনি রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত ১৬ মাসে রাউজান উপজেলায় মোট ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৩টিই রাজনৈতিক সহিংসতার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। একই সময়ে গুলি বিনিময়ের অন্তত ৩২টি ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন