গাজীপুরের কালিয়াকৈরে দায়ের করা চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।
তিনি জানান, মামলাটিতে এখনো কোনো জব্দ তালিকা প্রস্তুত করা হয়নি এবং তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের তারিখও নির্ধারিত হয়নি। এর আগে আদালত সুরভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। সর্বশেষ শুনানিতে পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরের নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলায় জড়ানোর হুমকি দিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে। তদন্তে ওই চক্রের নেতৃত্বে সুরভীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে বলে উল্লেখ করা হয়।
সংবাদে আরও বলা হয়, চক্রটি গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করেছে। পুলিশি হয়রানি, গ্রেফতার ও মামলা থেকে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

