ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, হাদি হত্যা মামলার চার্জশিট প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার অগ্রগতি নিয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া এই আশ্বাসে তদন্ত প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

