বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জামিন পেয়ে মাহাদী হাসান যা বললেন

ডেস্ক রিপোর্ট।।

হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আন্দোলনের নেতাকর্মীরা। আদালত থেকে বের হয়ে মাহাদী হাসান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে মাহাদী হাসান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের সহযোদ্ধা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা দল-মত নির্বিশেষে তার পাশে দাঁড়িয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেই প্রত্যাশার মর্যাদা রক্ষা করবেন বলে জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহাদীকে মুক্ত করা হয়েছে। এ সময় দায়িত্ব পালন করা সাংবাদিক ও আন্দোলনের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে সকাল ৮টার দিকে মাহাদী হাসানকে আদালতে হাজির করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। তবে তার মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন