বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের সব ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার পর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।
যাচাই-বাছাই কার্যক্রমের শুরুতে রিটার্নিং কর্মকর্তা সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন। পরে তার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মনোনয়নপত্রটির কার্যক্রম স্থগিত করা হয়।
এদিকে, এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার দাখিল করা হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রে কোনো অসংগতি না থাকায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তাদের নথিপত্র সঠিক পাওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে, নথিপত্রে ত্রুটি থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রে দলীয় সভাপতির স্বাক্ষর না থাকায় বিধি অনুযায়ী তা গ্রহণযোগ্য হয়নি।
গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ বিরতির পর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ঘিরে এলাকাটিতে নতুন করে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

