শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জিয়া উদ্যানে ছুটে আসছেন। ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো, দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সেখানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকরা জিয়া উদ্যানে আসতে থাকলেও, দুপুর ১২টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত ছিল।

জিয়া উদ্যানের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কড়া রাখা হয়েছে। র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিলেন, এবং কাচের ব্রিজসহ উদ্যানের ভেতর পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্মীরা দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন বয়স ও পেশার মানুষদের দেখা গেছে। খামারবাড়ি থেকে আসা নিলুফার সুলতানা বলেন, “অল্প বয়সে তার (খালেদা জিয়া) স্বামী মারা যায়। দুই সন্তানকে নিয়ে সংগ্রাম করেছেন এবং শেষ ১৫ বছরে যে কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, তা দেশের মানুষ দেখেছে। তিনি দেশের মানুষের অভিভাবক ছিলেন।”

পঞ্চগড় থেকে এসেছেন বিএনপি নেতা জাহিরুল ইসলাম কাচ্চু। তিনি বলেন, “শেষবারের মতো বেগম জিয়াকে দেখে গেলাম। তার দর্শন সবার জন্য শিক্ষণীয়।”
খালেদা জিয়ার জন্মস্থান থেকে আসা গোলাম সরওয়ার মিলন বলেন, “তার জীবন সংগ্রাম সবাইকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।”

বৃহস্পতিবার সকাল ১১:৫৮ মিনিটে জিয়া উদ্যান সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়, যার পর আরও বেশি মানুষ সমাধি জিয়ারতে আসতে শুরু করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন