বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এমন চিত্র দেখা যায়। আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতেই বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং যানজট এড়াতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং সংলগ্ন প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিকল্প কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার সড়কগুলো দিয়ে মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন। অনেকের হাতে জাতীয় পতাকা ও দলের পতাকা দেখা গেছে, আবার কেউ কেউ কালো পতাকা বহন করছেন।
চট্টগ্রাম থেকে আসা আবুল কালাম বলেন, “আমাদের নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে আমরা চট্টগ্রাম থেকে এসেছি। তার পুরো জীবনটাই ছিল সংগ্রামের। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা খালেদা জিয়ার কর্মী। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”
যশোর থেকে আসা কবির খান বলেন, “আজ লাখ লাখ মানুষ এখানে জড়ো হচ্ছে। বেগম জিয়া মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপসহীন নেতৃত্বের প্রতীক হয়ে তিনি চিরদিন মানুষের স্মৃতিতে থাকবেন।”

