শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তার জানাজা উপলক্ষে আগামী বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন।

ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তিনি বলেন, “তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।” এ সময় তিনি মরহুমার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য অনুসারীর প্রতি জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণমুখী নেতৃত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অবিস্মরণীয়। এমন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, শোকের এই সময়ে সবাই যেন শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে সজাগ থাকে। একই সঙ্গে তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার জোহরের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অন্যদিকে, তার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, এ সময় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি গুলশান, নয়াপল্টন ও জেলা পর্যায়ের কার্যালয়ে শোক বই রাখা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন