আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। পদত্যাগের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, মো. আসাদুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় মনোনয়নও ইতোমধ্যে পেয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় তাকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিএনপির সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেন।

