পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশ বয়কট কর্মসূচি জোরদার হচ্ছে। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি ও কোচবিহারে হোটেল ও ব্যবসায়িক সংগঠনগুলো বাংলাদেশি নাগরিকদের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে।
শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের হোটেল-আবাসন আর দেওয়া হবে না। তবে শুধুমাত্র মেডিকেল ভিসা ও স্টুডেন্ট ভিসাধারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখার কথাও বলা হয়েছিল।
সংগঠনের সম্পাদক উজ্জল ঘোষ বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ওপার বাংলার কিছু রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক কারণে আগে আমরা শিক্ষার্থী ও রোগীদের কিছুটা সুবিধা দিচ্ছিলাম, কিন্তু বর্তমানে তা আর দেওয়া হবে না।”
শুধু হোটেল নয়, শিলিগুড়ি, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ির পেট্রোল পাম্প, দোকান এবং যানবাহন চালকদের মধ্যেও বাংলাদেশি নাগরিকদের সেবা বন্ধের প্রচেষ্টা দেখা যাচ্ছে। অনেক গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগানো হচ্ছে।
এছাড়া শিলিগুড়িতে বাংলাদেশের সোনালী ব্যাংক বন্ধের দাবিতেও বিক্ষোভ করা হয়েছে। এই পদক্ষেপে ব্যবসায়ীরা বলেছেন, “আমাদের কাছে দেশের স্বার্থ ব্যবসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

