বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১

ডেস্ক রিপোর্ট।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে পড়লে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহেশপুরের শিশুতলা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা ইব্রাহিম হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন—রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে এবং কদমতলা গ্রামের নাসির উদ্দিন। তাদের মধ্যে কয়েকজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন