ইতালির সিসিলির ভিটোরিয়ায় দুই বাংলাদেশি যুবককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় চার বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে পুলিশ। কাতানিয়ার পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশে ২৫, ৩৩, ৩৪ এবং ৪৩ বছর বয়সী চারজনের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, একজন এখনও পলাতক।
স্থানীয় রাগুসা পুলিশ সদর দপ্তর এবং অ্যান্টি-মাফিয়া অধিদপ্তর (ডিডিএ) যৌথভাবে তদন্ত পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভুক্তভোগীদের পরিবারকে ভয় দেখিয়ে প্রায় ২০ হাজার ইউরো মুক্তিপণ আদায় করেছে।
তদন্তে দেখা গেছে, ভুক্তভোগীরা প্রথমে চাকরি এবং চুক্তির আশ্বাসে দেশটিতে আনা হয়। এরপর তাদের একটি গ্রামীণ বাড়িতে আটকে রাখা হয়, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। অভিযুক্তরা নির্যাতনের ভয় দেখিয়ে পরিবারের কাছে ফোন করে অর্থ আদায় করেছিল।
পুলিশ জানিয়েছে, এই অপরাধের ধরন লিবিয়ার অভিবাসী পাচার চক্রের সঙ্গে মিল রয়েছে। কাতানিয়ার তদন্ত কর্মকর্তারা ঘটনার সঙ্গে আরও অভিযুক্তদের সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছেন।
তদন্ত এখনো চলমান এবং আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের নির্দোষ ধরা হবে।
