ভারতের রাজধানী নয়া দিল্লিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মূলত ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদ জানাতে এ কর্মসূচি আয়োজন করেন।
স্থানীয় পুলিশ ও হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিবাদকারীরা হাইকমিশনের দিকে এগোতে গিয়ে কয়েকটি ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করেন। এতে হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়। এলাকায় তিন স্তরের ব্যারিকেড বসানো হয়েছে, পাশাপাশি পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার্ড ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাইকমিশনের সামনে নানা স্লোগান দেন। প্রতিবাদে নেতৃত্ব দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরঙ্গ দল।
এদিকে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া ১২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে আশিকুর রহমান, কাইয়ুম, লিমন সরকার, তারেক হোসেন, মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন, মিরাজ হোসেন আকন, আজমল হাসান সগীর, শাহিন মিয়া ও নাজমুল।
এ ঘটনায় ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা থাকলেও হাইকমিশনের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। হাইকমিশন এবং স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
