শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেস্ক রিপোর্ট।।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন তিনি।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতজুড়ে বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটেই তাকে তলব করা হয়। বিশেষ করে নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট ঘিরে উগ্র গোষ্ঠীর বিক্ষোভ এবং হামলার চেষ্টার ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনারের কাছে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা নিয়েও সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়।

সূত্র আরও জানায়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব— এ বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে ঢাকা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে টানা ষষ্ঠবারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ। এর আগে নিরাপত্তা পরিস্থিতির কারণে দিল্লি, আসাম ও শিলিগুড়ি থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন