বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুন্দরবনে অভিযান: নিষিদ্ধ আটন জব্দ, কাঁকড়া অবমুক্ত

ডেস্ক রিপোর্ট।।

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের নোটাবেঁকী ও কাচিকাটা অভয়ারণ্য এলাকার বিভিন্ন খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ আটন ও কাঁকড়া জব্দ করেছে বন বিভাগ। পরে জব্দকৃত আটন পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা কাঁকড়া সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে বন বিভাগের সদস্যরা ২টি নৌকা, ৬০০টি বড়শি, ২৫ কেজি কাঁকড়া এবং ১২০টি নিষিদ্ধ আটন উদ্ধার করেন। তবে অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা নৌকা রেখে পালিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে নিষিদ্ধ আটন ব্যবহার করে কাঁকড়া শিকারের ফলে ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, যা বনাঞ্চলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক জানান, সরকারি বিধি অনুযায়ী অনুমোদিত পদ্ধতি ছাড়া সুন্দরবনে কাঁকড়া আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা, জরিমানা এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন