বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শরীয়তপুরে এনসিপি–ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত পাঁচ

ডেস্ক রিপোর্ট।।

শরীয়তপুর শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চৌরাঙ্গী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির একটি বিক্ষোভ মিছিল চলাকালে মোটরসাইকেল প্রবেশকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং খুলনায় শ্রমিক নেতা মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল মিছিলের ভেতরে ঢুকে পড়লে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করে বলেন, মিছিলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের এক কর্মীকে আটকে রাখা হয়। পরে ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে এনসিপির জেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ছাত্রদলের এক কর্মী ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে হামলা চালায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে সংঘর্ষে জড়ায় বলে দাবি করেন তিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মিছিলে মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন