ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের প্রধান গেটে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে এসে চিৎকার-চেঁচামেচি ও হুমকিমূলক স্লোগান দেন বলে জানা গেছে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনটি গাড়িতে করে আসা কয়েকজন ব্যক্তি হাইকমিশনের গেটের সামনে কিছু সময় অবস্থান করেন। এ সময় তারা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের বক্তব্য শোনা যায়।
তিনি আরও জানান, ওই ব্যক্তিরা মূল ফটকের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করার পর স্থান ত্যাগ করেন। তবে পুরো ঘটনায় কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এ বিষয়ে প্রেস মিনিস্টার বলেন, কথাবার্তায় হুমকির ইঙ্গিত থাকতে পারে। তারা বলছিলেন, ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’ তবে এসব ছিল মৌখিক উত্তেজনা, বাস্তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই রাতেই বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকে ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

