জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে এ ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, মহাসচিব এই হত্যাকাণ্ডে গভীরভাবে উদ্বিগ্ন এবং নিহত হাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা প্রশমিত করা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যায়।
এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায়। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

