বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানকে বরণ করতে বরিশাল থেকে ঢাকায় যাবে পাঁচটি লঞ্চ ও ২০টি বাস ভর্তি লক্ষাধিক নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার খবরে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে বরিশাল থেকে নৌ ও সড়ক পথে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ জন্য ঢাকা-বরিশাল নৌ-রুটে চলাচলকারী অন্তত ১৫টি লঞ্চ এবং সড়ক পথে শতাধিক বাস ও অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, আগামী ২৪ ডিসেম্বর রাতে নগরীর লঞ্চঘাট থেকে পাঁচটি লঞ্চে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এছাড়া ২৫ ডিসেম্বর সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রায় ২০টি বাস ঢাকার পথে রওনা হবে। ঢাকার কর্মসূচি শেষে একই দিন নেতাকর্মীরা বরিশালে ফিরে আসবেন।

অন্যদিকে বরিশাল জেলা বিএনপির নেতারা জানান, জেলার ১০টি উপজেলা থেকে পৃথকভাবে ১০টি লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা মহানগরের সঙ্গে সমন্বয় করে যাত্রা করবেন।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, একসঙ্গে সব নেতাকর্মী গেলে অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হতে পারে। তাই উপজেলা ভিত্তিকভাবে নেতাকর্মীদের ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নেতাকর্মীদের জন্য আনন্দের বার্তা। এই উপলক্ষে বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত থাকার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন