ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের সংশ্লিষ্ট সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
বিচার বিভাগ জানিয়েছে, আঘিল কেশাভারজ নামের ওই ব্যক্তি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করার পাশাপাশি ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি সংগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হন। সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে দেওয়া রায় বহাল থাকার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিচার বিভাগের মুখপাত্রসংস্থা মিজান জানায়, তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের হয়ে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে উত্তর-পশ্চিম ইরানের উরমিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির পর থেকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

