ময়মনসিংহে পুলিশের অভিযানের সময় নিজ বাসার ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ রাজু গুরুতর আহত হয়ে শুক্রবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবার সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ রাজুকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালায়। পুলিশ এসে গেট খুলতে বললে রাজু আতঙ্কিত হয়ে দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজুর স্ত্রী সাথী বলেন, “গত বছর ৫ আগস্টের পর রাজু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। তার নামে কোনো মামলা নেই। পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন। এটি একদমই দুর্ঘটনা।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, “ডেভিল হান্ট অভিযান ও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রাজুর বাসায় পুলিশ গিয়ে নক করেন। কেউ গেট খোলেনি। পরে পুলিশ ফিরে আসে। এরপর তিনি ছাদ থেকে লাফ দেন, পড়ার সময় গুরুতর আহত হন এবং পরে মারা যান। তিনি কোনো এজাহারভুক্ত আসামি ছিলেন না।”
এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।

