ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মরদেহ বের করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার সরেজমিনে বিমানবন্দর এলাকায় দেখা যায়, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি। বিমানবন্দরে প্রবেশকারী সবাইকে তল্লাশির আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক মানুষ হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম জানান, হাদির মরদেহ ৮ নম্বর গেট দিয়ে বের হবে বিধায় সেখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভিআইপি ব্যক্তির আগমনকে কেন্দ্র করে ভিআইপি গেটেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫। ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদার সঙ্গে দেশে আনার জন্য সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ নভেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

