শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির মরদেহ বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী এই অকুতোভয় যোদ্ধাকে সম্মান জানাতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবে সর্বস্তরের মানুষ।

ইনকিলাব মঞ্চ জানায়, বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে সেই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন।

হাদির মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, দেশ এক সাহসী ও নিষ্ঠাবান যোদ্ধাকে হারিয়েছে।

হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা শোক জানিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক প্রকাশ করেছে।

সরকারের পক্ষ থেকে আজ দোয়া মাহফিল এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন