নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি আবারও তার রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন–ইউএমএল)-এর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কাঠমান্ডুতে অনুষ্ঠিত দলের সাধারণ সম্মেলনে ভোটের মাধ্যমে এই দায়িত্ব পেয়েছেন ৭৩ বছর বয়সী অভিজ্ঞ এই নেতা।
দুই দিনব্যাপী সম্মেলনে দলের সদস্যরা ভোট দিয়ে ওলিকে বড় ব্যবধানে জয়ী করেছেন। ওলি পেয়েছেন ১,৬৬৩ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের ৫৬৪ ভোটের প্রায় তিন গুণ বেশি।
পশ্চিম নেপালের গান্দাকি প্রদেশ থেকে সম্মেলনে অংশ নিতে আসা ৪৫ বছর বয়সী তারা মায়া থাপা মাগার বলেন, “আমি খুশি যে তিনি জিতেছেন। এই মুহূর্তে দেশের জন্য তিনিই সবচেয়ে প্রয়োজনীয় নেতা।”
গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল। এরপর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে নেপাল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছে। আগামী মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ওলি ও কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার ওপর বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের গঠিত কমিশন বিক্ষোভ দমনে তাদের ভূমিকা তদন্ত করছে।

