শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের সম্প্রতি করা মন্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন নিয়ে আমাদের প্রতিবেশীদের কোনো নসিহতের দরকার নেই।”

তিনি আরও বলেন, “ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য এসেছে যেখানে বাংলাদেশকে নসিহত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই নসিহত আমাদের প্রয়োজন নেই। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় যেসব প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সে সময় ভারত একটি শব্দও উচ্চারণ করেনি। বর্তমান সরকারের প্রতি ভারতের এই নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার প্রথম দিন থেকেই একটি গ্রহণযোগ্য ও উচ্চমানের নির্বাচনের পরিবেশ তৈরির কথা বলে আসছে, যা গত ১৫ বছরে ছিল না। এখন যখন দেশ একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এ ধরনের উপদেশ অযৌক্তিক। আমরা জানি কী করতে হবে। আমাদের লক্ষ্য একটি নির্বাচন যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যারা ভোট পাবেন, তারাই নির্বাচিত হবেন।”

গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করা হয় এবং শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার কথা বলা হয়।

এর তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তৌহিদ হোসেন এই পাল্টাপাল্টি হাইকমিশনার তলবকে “কূটনীতিতে অস্বাভাবিক নয়” বলে উল্লেখ করেন।

তিনি আরও মন্তব্য করেন, “শেখ হাসিনার কথাগুলোতে উসকানিমূলক দিক রয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তাই তার বক্তব্য বন্ধ করা বা তাকে ফেরত চাওয়া অস্বাভাবিক নয়।”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “বাস্তবতা মেনে চলেই বাংলাদেশ গুড ওয়ার্কিং রিলেশনস চায়। তবে সম্পর্ককে এগিয়ে নিতে হলে দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে। কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে এবং আমাদের নিজস্ব অবস্থান স্পষ্ট।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন