বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইতালিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ডেস্ক রিপোর্ট।।

ইতালিতে কর্মরত অবস্থায় নির্মমভাবে নিহত হয়েছেন শরীয়তপুরের এক যুবক। পরিবারের দাবি, ছিনতাইকারীরা টাকা ও মালামাল লুট করতে গিয়ে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে নাঈম ইসলাম শান্তকে (২৫)। এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার পাশাপাশি নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

নিহতের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকায়। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইতালিতে নাঈমের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবারের উঠান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান নাঈম। এক বছর আগে বিপজ্জনক লিবিয়া-ভিত্তিক সমুদ্রপথ পেরিয়ে ইতালিতে পৌঁছান তিনি। এরপর নেপোলি শহরের একটি ক্যাম্পে অবস্থান করে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় নেপোলি শহরে দুর্বৃত্তদের হামলার শিকার হন নাঈম। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু স্থানীয় দুষ্কৃতকারী তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। ঘটনার রাতে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।

নিহতের ভাই বাপ্পি মাদবর বলেন, “কাজ শেষে ফেরার পথে ওই এলাকার কিছু বখাটে প্রায়ই আমার ভাইকে বিরক্ত করত। শেষ পর্যন্ত তারা আমার ভাইকে হত্যা করেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

নাঈমের বন্ধু ও চাচাতো ভাই আল-ইমরান জানান, “ওকে টার্গেট করেই ছিনতাইয়ের পরিকল্পনা করা হচ্ছিল। ভাইকে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না।”

ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা এনামুল হক মাদবর। তিনি বলেন, “আমি শুধু একবার আমার ছেলের মুখটা দেখতে চাই। সরকারের কাছে অনুরোধ, যেভাবেই হোক আমার ছেলের লাশটা দেশে আনার ব্যবস্থা করা হোক।”

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন বলেন, “গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা করা হবে।”

এই ঘটনায় ইতালিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতেও শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার ও এলাকাবাসী দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন