বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭

ডেস্ক রিপোর্ট।।

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সোমবার সান মাতেও আতেনকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মেক্সিকোর স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক আদ্রিয়ান হার্নান্দেজ। দুর্ঘটনাস্থলটি টোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার এবং রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি শিল্পাঞ্চল।

হার্নান্দেজ জানান, ব্যক্তিমালিকানাধীন ওই বিমানে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি কাছাকাছি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ধাতব ছাদে আঘাত হানে। সংঘর্ষের পরপরই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ায় নিরাপত্তার কারণে আশপাশের ভবন থেকে অন্তত ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে জরুরি সেবা কর্মী ও তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন