শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

তরুণদের রক্ষা করুন, তাহলে আমরাও রক্ষা পাবো: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে দেশের তরুণদের রক্ষার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ ও জাতি উভয়ই নিরাপদ থাকবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের তরুণদের রক্ষা করুন। তাহলে আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে।”

ড. ইউনূস বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা উপলব্ধি করেছে যে তরুণ যোদ্ধারাই তাদের রাজনৈতিক পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা। অস্ত্রহীন, নির্ভীক ও ব্যক্তিস্বার্থহীন এই তরুণদের নিয়েই তাদের সবচেয়ে বেশি ভীতি কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচন আসার আগেই এসব তরুণকে লক্ষ্য করে বাধা সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, যাতে পুরোনো শাসনব্যবস্থা আবার কায়েম করা যায়। চোরাগোপ্তা হামলা ও হত্যাচেষ্টা সেই পরিকল্পনারই অংশ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিতে হবে—আমরা তরুণদের রক্ষা করবো। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়েই দেশকে পুরোনো দাসত্ব থেকে মুক্ত করতে হবে।”

তিনি জানান, নির্বাচন পর্যন্ত হাতে আর মাত্র দুই মাস সময় রয়েছে। এই সময়টুকু উৎসবমুখর পরিবেশে ধরে রাখতে এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে সরকার সতর্ক থাকবে। তরুণ সমাজই এ সময় দেশকে স্থিতিশীল রাখার প্রধান ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন