শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থার উন্নতি, শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বড় ভাই ওমর ফারুক সোমবার (১৫ ডিসেম্বর) রাতে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতির লক্ষণ দেখা দিয়েছে।

ওমর ফারুক জানান, “হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক। আগের তুলনায় হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন এবং দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন।”

সূত্র জানায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। বিমানবন্দর থেকে দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং জরুরি চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক আরও জানান, “হাদির জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা রাতেই সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণ চালাবেন।”

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন