১৯৭১ সালের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা তৈরি হয়েছে। পোস্টে তিনি ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে বাংলাদেশের নাম অনুল্লেখিত ছিল।
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধে যুক্ত হয়। সে কারণে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। তবে এদিনই বাংলাদেশের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হওয়ায় ঐতিহাসিকভাবে বিজয়ের মূল অর্জনটি বাংলাদেশের।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। পোস্টে তিনি ওই যুদ্ধকে ভারতের এক ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন এবং সেনাদের অবদানের প্রশংসা করেন।
এর আগে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিজয় দিবস উপলক্ষে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে বলা হয়, ১৯৭১ সালের বিজয় ছিল মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টার ফল। একই সঙ্গে তারা উল্লেখ করে, এই বিজয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আসে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর ওই বার্তায় আরও বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর চালানো নির্যাতন ও নৃশংসতার অবসান ঘটে।

