বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সিডনিতে বন্দুকধারীকে নিরস্ত্র করে প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট।।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালীন ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন মুসলিম ফল ব্যবসায়ী আহমেদ আল-আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি রাইফেলধারী এক সন্ত্রাসীকে জীবনের ঝুঁকি নিয়ে নিরস্ত্র করেছেন।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত হন। হামলার সময় বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি গাছের আড়ালে থাকা সন্ত্রাসী সামনের পার্কে জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। ঠিক তখনই পেছন থেকে সাদা শার্ট পরা আহমেদ আল-আহমেদ এগিয়ে আসেন, বন্দুকধারীকে জাপটে ধরেন এবং তার কাছ থেকে রাইফেল কেড়ে নেন। পরে তিনি অস্ত্রটি গাছে হেলান দিয়ে রাখেন।

ঘটনার পর আহমেদের সাহসিকতা বিশ্বময় প্রশংসিত হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তাকে ‘নায়ক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “একজন সাহসী মুসলিম ব্যক্তি নিরীহ মানুষদের প্রাণ রক্ষা করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই।”

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৪৩ বছর বয়সি আহমেদ আল-আহমেদ সিডনির বাসিন্দা এবং তার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সময় দুই সন্তানের এই বাবা দু’বার গুলিবিদ্ধ হন। পরিবারের কাছে জানা গেছে, বাহু ও হাতে আঘাত লেগে রোববার রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছে।

আহমেদের কাজিন মুস্তাফা বলেন, “আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি একশো ভাগ একজন নায়ক।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন