বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২, ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালাচ্ছে পুলিশ

ডেস্ক রিপোর্ট।।

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে সংঘটিত গুলির ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর পরপরই তদন্তের স্বার্থে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ শুরু করেছে পুলিশ, যার আওতায় ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান পরিচালনার সুযোগ পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়, হামলার তদন্তের অংশ হিসেবে বন্ডি বিচ থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরের একটি বাসভবনে অভিযান চালাচ্ছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই অভিযান সরাসরি সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজনদের শনাক্তের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় জড়িত অন্তত একজন ব্যক্তি এর আগেই অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও)-এর নজরদারিতে ছিল। ফেডারেল গোয়েন্দা সংস্থা হিসেবে এএসআইও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও সমন্বয়ে কাজ করে থাকে।

এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে এখনো হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হয়নি। কর্মকর্তাদের মতে, এতে করে তদন্ত প্রক্রিয়া নিরাপদ থাকবে এবং যদি এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি বা কোনো সংগঠিত নেটওয়ার্ক জড়িত থাকে, তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তার সহজ হবে। তদন্তকারীরা আশঙ্কা করছেন, এই নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার বাইরেও বিস্তৃত হতে পারে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকত এলাকায় এই ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়তে থাকে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং অপর একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন