রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা দ্বিতীয় দিনেও স্থিতিশীল নয়। তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় বেড়েছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানাচ্ছেন, এই পরিস্থিতি রোগীর চিকিৎসাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল রোববার সংবাদদাতাদের বলেন, “ওসমান হাদির ব্রেন স্টেমে আঘাত এবং সেরিব্রাল ফোলার কারণে রক্তচাপে ওঠানামা দেখা যাচ্ছে। তবে ভেন্টিলেটর সাপোর্ট ও ফুসফুসের কার্যকারিতা স্থিতিশীল রয়েছে। কিডনির কার্যক্ষমতাও আপাতত ঠিক আছে।”
চিকিৎসকেরা আরও জানান, শরীরের হরমোনজনিত ভারসাম্যহীনতার কারণে প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে ওঠানামা হচ্ছে। এজন্য এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখা হচ্ছে এবং ব্লাড সুগার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, রোগীর অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তবে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ক্ষেত্রে মেডিকেল বোর্ড ও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে। মেডিকেল বোর্ডের সদস্যরা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন এবং হাসপাতালে অপ্রয়োজনে ভিড় না করার আহ্বান জানিয়েছেন।
ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়। সেখান থেকে প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠকে নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, অ্যানেস্থেসিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, কার্ডিওথোরাসিক সার্জারি, অর্থোপেডিক্স, নাক-কান-গলা ও হেমাটোলজি বিভাগের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

