বরেন্দ্র অঞ্চলের তানোর উপজেলায় অরক্ষিত ও পরিত্যক্ত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অরক্ষিত নলকূপ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশুটি মারা যায়, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ উদ্ধৃত করে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ১৫ দিনের মধ্যে নোটিশে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের দাবি করা হয়েছে, যার মধ্যে রয়েছে—
সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ করা, রাষ্ট্রীয় ব্যয়ে সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন,
অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি, দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।
আইনজীবী মনিরুল ইসলাম মিয়া বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (PIL) হিসেবে হাইকোর্টে দায়ের করা হবে। এটি শুধু শিশুর পরিবারের জন্য নয়, বরেন্দ্র অঞ্চলের সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করার একটি পদক্ষেপ।”
এ ঘটনায় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট ‘মৃত্যুকূপ’ হিসেবে বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপকে তুলে ধরেছে, যা জনসাধারণের জন্য ঝুঁকির বিষয় হিসেবে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

