শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের প্রাক্কালে তাঁর নিরাপত্তা নিয়ে স্ত্রী, সন্তান ও ভাইবোন গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তবে তিনি নিজে ভীত নন বলে জানিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাস পূর্ণ হয়েছে তাঁর। মানসিকভাবে লেখার অবস্থায় না থাকলেও সাম্প্রতিক সহিংস ঘটনার পর তিনি নিহত ওসমান হাদিকে স্মরণ করছেন এবং তাঁর জন্য দোয়া করছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সময় অসংখ্য তরুণকে তিনি ওসমান হাদির প্রতিচ্ছবি হিসেবে দেখেন। তাঁর ভাষায়, দেশের রাজনীতিতে এখন এক নতুন প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে, যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও একটি স্বৈরশাসনের পতন ঘটেছে, তবুও তাদের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, যতদিন এই প্রজন্ম তাদের অবস্থান থেকে সরে না যাবে, ততদিন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, তরুণরা পরিবার ও দেশের কাছে অঙ্গীকারবদ্ধ—দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা থামবে না।

শফিকুল আলম আরও বলেন, সামনে নানা বাধা ও চাপ আসতে পারে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তি সাময়িকভাবে অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করতে পারে। তবে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, এই তরুণ প্রজন্ম ভয় পায় না এবং তারা নির্ধারিত লক্ষ্যেই পৌঁছাবে।

স্ট্যাটাসে তিনি জুলাই ও আগস্ট মাসে নিহত কয়েকজন তরুণের নাম উল্লেখ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে অনেক প্রাণ ঝরে গেলেও দেশে এখনও সাহসী ও প্রতিবাদী তরুণের অভাব নেই। তাঁর ভাষায়, চারদিকে ছড়িয়ে থাকা লাখো তরুণ ভয়ের কাছে নতি স্বীকার করে না—তিনি নিজেও নন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন