ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে দেওয়া মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া।
রিজভী গতকাল এক সংবাদ বিবৃতিতে দাবি করেছিলেন, হামলাকারীদের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের লোক রয়েছে এবং এটি ডিএমপির কমিশনারের বরাত। তবে ডিএমপি কমিশনার নিজেই বিষয়টি অস্বীকার করেছেন।
কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমি এমন কোনো কথাবার্তা বলিনি। এ বিষয়ে ইতিমধ্যেই একটি রিজয়েন্ডার জারি করা হয়েছে। রিজভী যে বক্তব্য দিয়েছেন, সেটি ভিত্তিহীন।”
তিনি আরও জানান, ঘটনাটি সম্পর্কে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ছবি প্রচার করা হয়েছে, যা দেখে রিজভী ভুয়া তথ্য ছড়িয়েছেন। ডিএমপি কমিশনারের এই মন্তব্য স্পষ্ট করে, পুলিশ হামলার বিষয়ে কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বক্তব্য দেয়নি।

